একাকী দৌড়ে আকাশের খোঁজে
আজ অনেক দিন পর একটি হাফ ম্যারাথন দিলাম। সত্যি নিজের সাথে জমে থাকা অনেক গল্পের বোঝা হালকা করার সুযোগ পেলাম। কত স্মৃতি, কত অনুভূতি আজ জেগে উঠলো এই একা লং রানের মাধ্যমে। নিজের সাথে নিজের দীর্ঘ আলাপ চললো, যেন নিজের হারিয়ে যাওয়া অংশগুলোকে নতুন করে খুঁজে পেলাম।
আজকের এই দৌড়ের শেষে হাতে একটি গোলাপ নিয়ে বাসায় ফিরলাম কারণ আজ একটি বিশেষ দিন। গোলাপটি যেন আমাকে মনে করিয়ে দিলো জীবনের রঙিন দিকগুলোকে। গোলাপের এই রং তো সেই কিশোর বয়সের মতোই প্রজ্বলিত, যখন জীবনের সরলতার মধ্যে মুন্সিগঞ্জের আকাশ ছিল আমার নিত্যসঙ্গী। সেই সময় আকাশের তারাগুলো যেন খুব কাছে থাকতো, আর স্নিগ্ধতার এক নিজস্ব গন্ধ পেতাম আমি। সেই আকাশের নিচে দাঁড়িয়ে মনে হতো গোটা জগৎটাই হাতের মুঠোয়।

আজ রান করার সময় ঢাকার আকাশে তাকালাম অনেকবার, কিন্তু তারাগুলোর দেখা পাইনি; যেন তারা হারিয়ে গেছে আলোর দূষণের ঢেউয়ে। তবুও স্মৃতির সেই আকাশ আমাকে আজও টানে, সেই তারাভরা আকাশের নির্জনতা মনে জাগ্রত করে। কিছু দিন আগে লেখা একটি কবিতা মাথায় আসছিল বার বার।
আকাশ নিয়ে ভাবার দিনে
হয়না এখন ফেরা
অচেনা এক ধূসর আলোয়
আমার আকাশ ঘেরা
মুন্সিগঞ্জের সেই আকাশ যেন আজও আমার মনের গহীনে এক অনুভূতির ঝড় তোলে। আজকের এই দৌড় যেন সেই ছোটবেলার দিনগুলোকে আবার স্পর্শ করার চেষ্টা ছিল, সেই নিরবচ্ছিন্ন শান্তি আর আনন্দের দিকে এক মুহূর্তের ফিরে তাকানো। একাকী লং রানের এই মজা গুলোই আমাকে জীবনের প্রতিটি রঙের স্বাদ এনে দেয়।