Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Blog Post

পেসার- দৌড়ে গতি ধরে রাখার নিঃশব্দ সঙ্গী

October 26, 2024 Blog post, Running
পেসার- দৌড়ে গতি ধরে রাখার নিঃশব্দ সঙ্গী

আজকের লেখাটি একটু বড় হতে চলেছে। কারণ আজ আমি শেয়ার করতে যাচ্ছি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং পেসার নিয়ে কিছু কথা। পেসার কীভাবে একজন রানারের জন্য নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠে, সেটাই এই গল্পে প্রকাশিত হবে।

তো, গল্প টা শুরু করি। ২০২৩ সালে OSIM Sundown Marathon 2023, Singapore ম্যারাথনে অংশ নিয়েছিলাম হাফ ম্যারাথ ক্যাটাগরি তে, এবং আমার লক্ষ্য ছিল দুই ঘণ্টা ত্রিশ মিনিটের মধ্যে দৌড় শেষ করা। ভাবছিলাম, সঠিক পেসারের সঙ্গ পেলে পুরো দৌড়টা চমৎকারভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তবে সিঙ্গাপুরের আর্দ্র আবহাওয়া, যেটা আমার জন্য একদমই নতুন ছিল, প্রতিটি পদক্ষেপ যেন আরও কঠিন করে তুলছিল। এক সময় সিঙ্গাপুরের মেরিনাবে স্যান্ড আর সিঙ্গাপুর ফ্লায়ারের সৌন্দর্য আমার কাছে ধোঁয়াটে হয়ে আসছিল—কারণ প্রচুর ঘাম হচ্ছিল, আর তাতে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছিল!

ঠিক সেই মুহূর্তে, আমার পাশে থাকা পেসার আমাকে সাহস জোগাতে শুরু করলেন। তিনি শুধু সময় ধরে রাখছিলেন না; বরং নানা মজার কথাবার্তা বলে আমার মনোবলও বাড়াচ্ছিলেন। একবার তিনি হাসতে হাসতে বললেন, “মনে করো আমরা দৌড়াচ্ছি না, একসাথে ঘুরতে বেরিয়েছি!” তার এই কথাগুলো যেন ক্লান্তির মধ্যে হালকা অনুভূতি এনে দিল। এই অভিজ্ঞতায় আমি পেসারের গুরুত্ব এবং তাদের প্রতি এক গভীর আস্থার জন্ম নিল।

আমার পেসার হওয়ার অভিজ্ঞতা:
বাংলাদেশের বেশ কিছু ইভেন্টে আমি নিজেও পেসার হিসেবে কাজ করেছি। শুরুতে আমার লক্ষ্য থাকে রানারদের সাথে একটি টিম বন্ডিং তৈরি করা, যাতে তারা আমার উপর আস্থা রাখতে পারে। শুরুতেই আমরা পরিচিত হই, আর হালকা হাসি-মজার মাধ্যমে বন্ধুত্বের একটা পরিবেশ গড়ে তুলি। এতে দৌড়ের পুরো পথেই আমরা একে অপরের সাথে সহজ হতে পারি এবং দৌড়ের চাপ কম অনুভব হয়।

সত্যি বলতে, যখন আমি প্রথম দিকের কিছু ইভেন্টে অংশগ্রহণ করতাম, তখন পেসারদের নিয়ে আমারও কিছু ভুল ধারণা ছিল। মনে হতো পেসাররা বুঝি দৌড়ের হিরো—অবিশ্বাস্য গতিতে দৌড়ান! হা হা হা! কিন্তু পরে নিজেই যখন পেসার হিসেবে কাজ করতে শুরু করলাম, তখন বুঝলাম, আসল মজাটা গতি নয়; বরং অন্যদের গতি ঠিক রাখা এবং দলকে ফিনিশ লাইনে পৌঁছে দেয়াই পেসারের আসল কাজ।

আসলে, আমাদের অনেক নতুন রানারও জানেন না পেসার ঠিক কীভাবে দৌড়কে আরও সহজ এবং আনন্দময় করতে সাহায্য করতে পারে। তাই আজ এই লেখায় পেসার কীভাবে কাজ করে এবং সঠিক পেসার নির্বাচন কেন গুরুত্বপূর্ণ তা শেয়ার করার চেষ্টা করব। আশা করি, এতে নতুন রানারদের পেসার সম্পর্কে সচেতনতা বাড়বে এবং তারা তাদের দৌড়ের সময় আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন।

অনেক তো গল্প হলো, এবার একটু সিরিয়াস কথায় আসি—পেসারদের ভূমিকা, দায়িত্ব এবং পেসার নির্বাচন নিয়ে আলোচনা করি।

পেসার কী এবং কেন গুরুত্বপূর্ণ?

পেসার সেই ব্যক্তি যিনি দৌড় প্রতিযোগিতায় একটি নির্দিষ্ট গতি ধরে রাখেন এবং নির্ধারিত সময়ে রানারদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করেন। অনেকেই ভাবতে পারেন, “ঘড়ি তো আছেই, পেসার কেন?” কিন্তু পেসার থাকা মানে শুধু সময় ধরে রাখা নয়; বরং পেসার একজন সঙ্গী, যিনি পুরো পথজুড়ে আপনার সাথে থাকেন, আপনাকে সঠিক গতি ধরে রাখায় সাহায্য করেন, এবং আপনাকে মনোবল জোগান। বিশেষ করে বাংলাদেশে, যেখানে দৌড় প্রতিযোগিতা এখন জনপ্রিয় হচ্ছে, সেখানে অনেক নতুন রানার অংশ নেন, যারা সময় ধরে রাখার অভ্যাস বা নিজস্ব গতি নিয়ন্ত্রণের অভিজ্ঞতা খুব কমই রাখেন। এই অবস্থায় একজন পেসার থাকা মানে একজন নির্ভরযোগ্য বন্ধু থাকা, যার উপস্থিতি দৌড়কে সহজ এবং আনন্দময় করে তোলে।

পেসারের দায়িত্ব

পেসারের মূল দায়িত্ব শুধু গতি নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়, এটি অনেক বড়। পেসাররা রানারদের জন্য অনুপ্রেরণা, নির্দেশনা, এবং মানসিক সাপোর্ট দিয়ে তাদের ফিনিশ লাইনে পৌঁছানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি ভালো পেসারের কাজ হলো রানারদের নির্দিষ্ট গতি ধরে রাখতে সাহায্য করা যাতে তারা দৌড়ের প্রথম থেকেই নিজেদের সঠিকভাবে ম্যানেজ করতে পারে এবং শেষে অতিরিক্ত চাপ ছাড়াই ফিনিশ লাইনে পৌঁছাতে পারে।

প্রথমেই পেসাররা রানারদের সাথে একটি বন্ধন তৈরি করেন এবং গন্তব্য অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন। তাদের সাথে পথে চলতে চলতে রানারদের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন, যেটা দৌড়ের সময়ে চিন্তা বা ক্লান্তি দূর করতে সাহায্য করে। পেসাররা প্রায়ই দৌড়ের সময়, উৎসাহমূলক কথা বলেন, এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে রানারদের লক্ষ্য অর্জনে প্রেরণা যোগান।

তাছাড়া, পেসাররা রানিং ট্র্যাক সম্পর্কেও সচেতন থাকেন এবং রানারদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ আসছে তা আগাম জানিয়ে দেন। উদাহরণস্বরূপ, সামনে যদি কোনো উঁচু পথ থাকে, পেসাররা রানারদের সঠিক গতি ধরে রাখার পরামর্শ দেন, যাতে শেষের দিকে শক্তি ধরে রাখা যায়। এই ধরনের দিকনির্দেশনা দৌড়কে আরও সহজ ও উপভোগ্য করে তুলতে সহায়ক হয়।

পেসারদের এই দায়িত্ব পালন করা মোটেও সহজ নয়; তাদের নিজস্ব শারীরিক ও মানসিক শক্তি প্রয়োজন এবং রানারদের জন্য নির্দিষ্ট গতিতে দৌড়াতে হয়। পেসাদের আরো একটি বিশেষ দায়িত্ব হলো পানি পানের সময় মনে করিয়ে দেয়া, যাতে রানাররা হাইড্রেটেড থাকতে পারেন। পেসাররা প্রায়ই একটি ফ্ল্যাগ বা ব্যানার নিয়ে দৌড়ান, যাতে অন্য রানাররা সহজেই তাদের খুঁজে পান এবং লক্ষ্যমাত্রা অনুসারে পেসারের সাপোর্ট নিতে পারেন।

সুতরাং, একজন পেসারের ভূমিকা রানারদের জন্য একটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে, বিশেষ করে যাদের গতি নিয়ন্ত্রণে সাহায্য প্রয়োজন। নতুন ও অভিজ্ঞ রানার উভয়ের জন্যই পেসাররা দৌড়কে আরও উপভোগ্য এবং সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

কীভাবে সঠিক পেসার খুঁজবেন?

দৌড়ে একজন ভালো পেসার নির্বাচন করা রানারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটি ২১ কিলোমিটারের দৌড়ে দুই ঘণ্টা ত্রিশ মিনিটে শেষ করতে চান। এই সময়সীমার জন্য নির্ধারিত পেসারকে খুঁজে নিয়ে তার সাথে দৌড়ানোই হবে আপনার লক্ষ্য। সাধারণত প্রতিযোগিতার শুরুতেই পেসাররা পতাকা বা ব্যানার বহন করেন, যাতে নির্ধারিত সময় উল্লেখ থাকে। এই পেসাররা অভিজ্ঞ রানার হয়ে থাকেন, যারা গতি ধরে রাখতে পারদর্শী এবং দলকে সহযোগিতা করতে প্রস্তুত।

সঠিক পেসার নির্বাচন করতে চাইলে প্রথমেই রানিং ইভেন্টগুলোর ফেসবুক পেজে নজর রাখা উচিত। অধিকাংশ ইভেন্টের আয়োজকরা প্রতিযোগিতার কিছুদিন আগে নির্দিষ্ট পেসারদের পরিচিতি এবং তাদের প্রোফাইল শেয়ার করেন। এই প্রোফাইলগুলোতে পেসারদের অভিজ্ঞতা, দৌড়ের গতি, এবং নির্দিষ্ট সময় লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়, যা আপনার জন্য সঠিক পেসার নির্বাচন করতে সাহায্য করবে


ইভেন্ট আয়োজকদের জন্য সঠিক পেসার নির্বাচন
এখন একটি জরুরি বিষয়ে বলছি: ইভেন্ট আয়োজকদের কিভাবে সঠিকভাবে পেসার নির্বাচন করা উচিত। অনেক আয়োজক পেসার নির্বাচনকে শুধুমাত্র একজন ভালো রানার খুঁজে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ মনে করেন। তবে, একজন পেসার হওয়া মানে কেবল দৌড়ের গতি ধরে রাখা নয়; এটি এমন একটি দায়িত্বপূর্ণ ভূমিকা যেখানে পেসারকে রানারদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে হয় এবং তাদের মানসিকভাবে উজ্জীবিত রাখতে হয়।

প্রথমত, আয়োজকদের উচিত পেসারদের অভিজ্ঞতা যাচাই করা। অভিজ্ঞ পেসাররা দৌড়ের পুরো পথে সঠিক গতি ধরে রাখতে এবং অন্যান্য রানারদের সাপোর্ট দিতে দক্ষ। বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, ধৈর্য ধরে রাখা, এবং দলের সবাইকে একত্রিত রাখতে পারা একজন পেসারের গুরুত্বপূর্ণ গুণাবলি।

দ্বিতীয়ত, পেসারের মধ্যে গতি ও ধৈর্যের সমন্বয় থাকা আবশ্যক। আয়োজকদের উচিত পেসারের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দৌড়ের ডেটা বিশ্লেষণ করা, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা নির্ধারিত গতি ধরে রাখতে সক্ষম হবে এবং পুরো ইভেন্টে দলকে নেতৃত্ব দিতে পারবে।

তৃতীয়ত, একজন পেসার প্রায়ই রানারদের উৎসাহ যোগান, মজার কথাবার্তা বলেন, এবং দৌড়ের চাপ কমাতে সাহায্য করেন। এ কারণে, আয়োজকদের উচিত পেসারদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের এই সক্ষমতা গুলো যাচাই করা।

শেষ কথা: দৌড়ে পেসারের আনন্দময় সঙ্গ

অনেক সিরিয়াস কথা বলা হলো, এবার শেষ করি পরিবেশটা হালকা করে। একটা বিষয় তো স্পষ্ট, দৌড়ে পেসার থাকা মানে মনের জন্য একপ্রকার “এনার্জি বুস্টার”। পেসার কেবল গতি ঠিক রাখেন না, বরং যখন দরকার তখন সাহস দেন, ক্লান্তির সময়ে মজার গল্প শোনান, দরকাটি সব টিপস , আর মাঝেমধ্যে গানও গেয়ে পরিবেশটা একটু হালকা করে তোলেন (এটা অবশ্য শুধু আমার স্টাইল, হা হা হা!)।

তাই, পেসার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আয়োজকদের জন্য। সঠিক পেসার না হলে অনেক রানার হয়তো মাঝপথে পথ ভুলে বসে থাকবেন! (একটু বাড়িয়ে বললাম আর কি)।

এবার আপনারাও দৌড়ে নেমে পড়ুন, পেসারের হাত ধরুন, এবং সঠিক গতি ধরে রাখুন। পরের বার কেউ যদি আপনার অভিজ্ঞতা জানতে চায়, গর্ব করে বলবেন, “আমার পেসার তো একেবারে ‘রকস্টার’!”

আমার ব্লগ https://ahamed.info/ তে আরও কিছু রানিং বিষয়ক লেখা রয়েছে, ইচ্ছা হলে একটু ঢু মারতে পারেন। আশা করি এগুলো আপনাকে দৌড় সম্পর্কে নতুন কিছু জানতে এবং অনুপ্রাণিত করতে সাহায্য করবে।

হ্যাপি রানিং!

Write a comment