নিকেতনের রাস্তায় হাফ ম্যারাথনের গল্প
আজ নিকেতনের রাস্তায় দ্বিতীয়বারের মতো হাফ ম্যারাথন শেষ করলাম। আসলে আমার ম্যারাথন রানার হওয়ার পেছনে এই নিকেতনের রাস্তাগুলোর ভূমিকা অনেক। গত তিন বছর ধরে এই রাস্তায় নিয়মিত দৌড়াই। ভাবলাম, নিকেতনের প্রতি একটু শ্রদ্ধা জানাই—তাই আজকের এই ২১ কিমি দৌড়। পুরো নিকেতন চক্রাকারে প্রায় ৮ বার ঘুরেছি, কারণ এই রাস্তাগুলোর সাথে আমার যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক।
একই রাস্তায় বারবার চক্কর দেওয়া হয়তো অনেকের কাছে বোরিং মনে হতে পারে, কিন্তু আমার জন্য আজকের দৌড়ে বেশ মজার অভিজ্ঞতা হয়েছে। ৮ নাম্বার রোডে একটি বাড়ির পাশে হাসনাহেনা ফুলের মিষ্টি গন্ধ পুরো দৌড়কে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। মনে মনে ধন্যবাদ দিলাম সেই মানুষটিকে, যিনি এই গাছটি লাগিয়েছেন।
দৌড়ের সময় গাড়ির হর্নের শব্দও মজার এক কৌশলে সামলে নিলাম। যখনই হর্ন বাজলো, সেটাকে আমি পাখির ডাক বলে মনে করতে শুরু করলাম! যত জোরে হর্ন, তত জোরে পাখির ডাক শুনতে পেলাম। এই কৌশলটা ছোটবেলা থেকেই চেষ্টা করে আসছি—নিজের চারপাশের পরিবেশকে নিজের মনের মতো সাজানো। এটা একটু পাগলামি মনে হতে পারে, কিন্তু দীর্ঘ একা দৌড়ের সময় এই কৌশল দারুণ কাজ করে।
আজ নিকেতনের রাস্তায় এই দ্বিতীয় হাফ ম্যারাথন হয়তো কোনো গিনেস রেকর্ড নয়, বিশ্ব মঞ্চেও নাম উঠবে না। তবে আমার নিজের জীবনে এটা এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আবারো শ্রদ্ধা জানাই নিকেতনের এই পথগুলোকে, যাদের সাথে আমার এই স্মৃতিগুলো গেঁথে আছে।
আর একটি কথা, আগামী ১৩ ডিসেম্বর হাতিরঝিলে UCR HALF MARATHON 2024 ( Edition-3) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ, সেখানে আমি পেসার হিসেবে থাকবো ৭.৫ কিলোমিটার ৫০ মিনিটে শেষ করার জন্য। আশা করি নতুন রানারদের জন্য এটি সহজ এবং আরামদায়ক হবে। চাইলে আপনারাও আমার সাথে যুক্ত হতে পারেন। সবাইকে নিয়ে আরামদায়ক গতিতে এই স্বল্প দূরত্ব একসাথে শেষ করার অপেক্ষায় থাকবো!


